‘অদূর ভবিষ্যতে প্রযুক্তির কল্যাণে এক নিমেষেই জানা যাবে দুর্নীতির হিসাব’

৯ ডিসেম্বর, ২০২০ ১৬:৫৫  
“দুর্নীতির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। অদূর ভবিষ্যতে দুর্নীতির পঙ্কিল পথে উপার্জিত অর্থের হিসেব প্রযুক্তির কল্যাণে এক নিমেষেই জানা যাবে। মিথ্যা তথ্য দিয়ে সম্পদ গোপন রাখার সুযোগ থাকবে না। ক্ষণস্থায়ী এ পার্থিব জীবন অবসানের পর মহান আল্লাহর বিচার আদালতে সবাইকে উপস্থিত হতে হবে, এ দৃঢ় বিশ্বাস থাকলে মানুষ দুর্নীতি বা অপরাধ করতে পারে না। শুধু ঘুষ না খাওয়া মানে সততা নয়, বরং সরকারি স্বার্থ রক্ষা, সম্পদের সযত্ন ব্যবহার এবং কাজে ফাঁকি না দেয়াই প্রকৃত সততা। সরকারি কর্মচারিদের নিজেদের সন্তানদের কাছে সততার বাস্তব রোল মডেল হয়ে দেখাতে হবে।” বুধবার (০৯ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে “আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস” উপলক্ষ্যে “ দুর্নীতি মুক্ত থাকবো আজীবন, প্রযুক্তি দিয়ে দুর্নীতি দমন” শীর্ষক এ প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এক বিশেষ সভায় এসব কথা বলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। সভায় দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের উপর দীর্ঘ আলোচনা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের খোলা ছাদে অনুষ্ঠিত এ সভায় মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী নেতৃত্বে কর্মকর্তা/কর্মচারীরা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে সাক্ষী করে আজীবন দুর্নীতি মুক্ত থাকার, সৎ জীবন যাপনের এবং নির্লোভ ও নি:স্বার্থভাবে রাস্ট্রীয় দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দুর্নীতি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ কর্মকর্তাকে পুরষ্কৃত করা হয়।